পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত তদন্ত এবং বিচারের দাবি উঠেছে। শুধু এই শিশু নয়, অল্প বয়সী অনেক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের খুন করা হয়েছে—এ রকম অনেক প্রতিবেদন গত কয়েক সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এক বছর আগেও আমরা দেখেছিলাম, মাগুরায় এক শিশুকে ধর্ষণের পর খুনের ঘটনায় সারা দেশে তোলপাড় হলো।
নারী-শিশু নির্যাতন, বিশেষ করে কন্যাশিশুদের নির্যাতনের ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। ভয়াবহ যেসব ঘটনা ঘটে যাচ্ছিল, সেগুলো যথার্থ গুরুত্ব দিয়ে তদন্ত বা বিচার করা হচ্ছিল না।
ধর্ষণের যেকোনো মামলা রুজু হওয়ার পর তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ হওয়া দরকার। আরেকটা কথা—আইনে সংশোধনী আসার পর মামলার সঙ্গে যুক্ত পুলিশ, বিচারক, আইনজীবী ও চিকিৎসকদের বিশেষ কোনো প্রশিক্ষণ হয়নি। এই প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করা যেতে পারে।














































































