শ্রমিকদের দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মে দিবসের অর্জন উল্লেখ করে অধ্যাপক এম এম আকাশ বলেছেন, বাস্তবে শ্রমিক অধিকারের অনেক প্রশ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অধ্যাপক এম এম আকাশ এ কথা বলেন।
আলোচনায় অধ্যাপক এম এম আকাশ বাংলাদেশের পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদের কেন্দ্রীভূতীকরণ ও শ্রমিক বঞ্চনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এ ব্যবস্থায় ছোট পুঁজিপতিরা ক্রমে হারিয়ে গিয়ে শ্রমিকে পরিণত হয় এবং অল্পসংখ্যক মানুষের হাতে সম্পদ জমা হয়।
শ্রমিক শোষণের প্রসঙ্গ টেনে এম এম আকাশ বলেন, একসময় শ্রমিকদের ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হতো। ন্যূনতম মজুরি এমনভাবে নির্ধারণ করা হতো, যাতে তারা শুধু টিকে থাকতে পারেন।














































































