জমিদারি প্রথা উচ্ছেদ হলেও আমলাতন্ত্রে জমিদারি মানসিকতা গেঁথে আছে। জমিদারি প্রথার প্রভাব এখনো প্রশাসন ও রাজনীতিতে রয়েছে। রাষ্ট্রকে এই প্রভাব থেকে মুক্ত করতে হবে। নাগরিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কারের আন্দোলন চালিয়ে যেতে হবে। জমিদারি প্রথা উচ্ছেদের দিবসকে উদ্যাপন করতে হবে।
ব্রিটিশ ভারতে লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি প্রথা চালু করেছিলেন। দীর্ঘ আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে ১৯৫০ সালে ‘রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে’ এর অবসান ঘটে। পরের বছর ১৯৫১ সালের ১৬ মে আইনটি গেজেট আকারে প্রকাশিত ও কার্যকর হয়। সেই হিসাবে আজ শনিবার ছিল জমিদারি প্রথা উচ্ছেদের ৭৫তম বর্ষপূর্তি।
ছোট থেকে বড় প্রতিটি আমলা মনস্তাত্ত্বিকভাবে নিজেদের জমিদার বলেই ভাবেন। তাঁদের ক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাঁদের কোনো কিছুর সমালোচনা করার উপায় নেই। তাঁদের কোনো জবাবদিহি নেই।













































































