ঢাকার রাস্তায় পাঁচ বছর পথশিশু হয়ে কাটানোর পর ঘরে ফিরে গেছে সাইদুল (১২)। ফেরার পর নিজের বাড়িতে মা, বাবা, ভাই, বোন, দাদা ও দাদির সঙ্গে প্রথম দিনটি কেটেছে তার। সে ফুটবল খেলেছে। ভালো খাবার খেয়েছে। দেখা করেছে তাকে দেখতে আসা আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের সঙ্গে।
সাইদুল গতকাল বুধবার রাত আটটার দিকে মুঠোফোনে বলেছে, ‘আইজগা খেলাধুলা করলাম। ভাত–পানি খাইছি। তারপর আমার আব্বুর মোবাইল আছে না, ওইহানে কার্টুন দেখছি। আমার ছোট ভাই মিরাজ আছে না, ওর লগে খেলছি। ফুটবল খেলছি।’
সাইদুলের বাবার কাছ থেকে মুঠোফোন নিয়ে সাইদুলের দাদি পেয়ার বানু কথা বলেন আমার সঙ্গে। শুরুতেই তিনি অঝোরে কাঁদতে শুরু করেন। কাঁদতে কাঁদতে বলেন, ‘তোমগোর উছিলায় যে নাতিরে পাইছি। কলিজাটা ঠান্ডা হইছে বাবা।’






























































































































































































































