ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নামে জরিমানা আদায়ের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব খুদে বার্তা (এসএমএস) ছড়িয়ে পড়েছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে এ ধরনের তথ্যে বিভ্রান্ত বা প্রতারিত না হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হলে সংশ্লিষ্ট বিভাগ বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি পত্র যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়।
ডিএমপি আরও জানিয়েছে, প্রয়োজনে শুধু ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হয়। জরিমানার মুখে পড়া যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ‘উপায়’ ও ‘সিবিবিএল’-এ অর্থ পরিশোধ করা যায়।






























































































































































































































