কিশোরগঞ্জে হাওরের জিরাতি কৃষকেরা পয়লা বৈশাখ উপলক্ষে অন্য রকম কৃষক আনন্দমেলা উদ্যাপন করেছে। জেলার ইটনা উপজেলার বাকুলিয়া হাওরে আজ মঙ্গলবার বস্তাদৌড়, দড়িটান, বেলুন ফুটানো, হাঁড়িভাঙা, হাঁস ধরাসহ দিনব্যাপী বিভিন্ন খেলায় মেতেছিল নানা বয়সী কৃষকেরা।
বোরো ধানের এ মৌসুমে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম, করিমগঞ্জ, তাড়াইল, বাজিতপুর ও নিকলী উপজেলার বিভিন্ন হাওরের মাঠে অস্থায়ী ‘জিরাতি বাড়ি’ দেখা যায়। খড়কুটোর তৈরি একটি ঘরে গরু–ছাগলসহ গাদাগাদি করে কষ্টে বসবাস করে থাকেন কৃষকেরা।
উদ্দেশ্য, স্বপ্নের সোনালি ফসল ধান গোলায় তোলা। সপ্তাহখানেক পর থেকেই পুরোদমে শুরু হবে ধান কাটা। মাসখানেক পরই জিরাতি বাড়িসহ কষ্টার্জিত ধান নিয়ে পরিবার–পরিজনের কাছে ফিরে যাবেন তাঁরা।






























































































































































































































