পবিত্র ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি। শিল্পাঞ্চলখ্যাত গাজীপুরে এখনো অধিকাংশ কারখানায় ছুটি শুরু হয়নি। এরপরও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ইতিমধ্যে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনে নানা প্রস্তুতি নিলেও মহাসড়কের পাশে পশুর হাট, অবৈধ পার্কিং, ভাসমান দোকান ও শিল্পকারখানায় একযোগে ছুটির কারণে এবারও দীর্ঘ যানজট তৈরি হতে পারে।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ঈদে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে ফেরেন। কয়েক দিন মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। একই সময়ে বিপুলসংখ্যক মানুষ বাড়ি ফেরায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
যানজট নিরসনে ম্যাজিস্ট্রেট ও বিজিবি মোতায়েনগাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া প্রথম আলোকে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গাজীপুর চৌরাস্তা, ভোগড়া, চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় মোট ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তাঁদের সহায়তায় বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা মাঠে কাজ করবেন। বিশেষ করে গাজীপুর চৌরাস্তার যানজট নিয়ন্ত্রণে ১০ সদস্যের বিজিবি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।






























































































































































































































