বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ কারণে সেখানে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী মানবাধিকারকর্মী জাকির হোসেন ও অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় এই এলাকায় গণপরিবহন নেই বললেই চলে। এতে আক্রান্ত শিশুদের আলীকদম সদর হাসপাতালে নেওয়া অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।






























































































































































































































