বাংলাদেশের হসপিটালিটি ও ট্যুরিজম খাতে রয়েছে অপার সম্ভাবনা। অন্যদিকে কাঠামোগত ও নীতিগত নানা চ্যালেঞ্জ। দীর্ঘদিনের হোটেল ব্যবসায়ী এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন’–এর (বিআইএইচএ) সাবেক প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি, এই শিল্পকে নতুনভাবে মূল্যায়ন ও পুনর্গঠন করার এটাই উপযুক্ত সময়।
বর্তমানে বাংলাদেশে বিদেশি পর্যটকদের যে উপস্থিতি আমরা দেখি, তার সিংহভাগই মূলত ‘বিজনেস ট্রাভেলার’। তৈরি পোশাক খাত, উন্নয়ন প্রকল্প, দূতাবাস এবং বিভিন্ন আন্তর্জাতিক করপোরেট সংস্থার প্রয়োজনে তাঁরা বাংলাদেশে আসছেন। কিন্তু পর্যটনশিল্পের মূল প্রাণশক্তি বিনোদন ভ্রমণকারীরা, তাঁদের সেবার জায়গায় আমাদের অবস্থান এখনো নগণ্য। আমরা গ্লোবাল ব্র্যান্ডিং ও ডেস্টিনেশন মার্কেটিংয়ে অনেকটাই পিছিয়ে আছি।
আমাদের ঘাটতিগুলো ঘুচিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকাতে এখন ‘অ্যাগ্রেসিভ’ আন্তর্জাতিক প্রচারণার বিকল্প নেই। ‘ভিজিট বাংলাদেশ’ যেন কেবল একটি স্লোগানে সীমাবদ্ধ না থাকে; একে একটি কার্যকর গ্লোবাল ক্যাম্পেইনে রূপ দিতে হবে। পাশাপাশি আধুনিক বিমানবন্দর অভিজ্ঞতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং পর্যটনবান্ধব অবকাঠামো নিশ্চিত করা জরুরি।






























































































































































































































