কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্ত প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে নগরের দৌলতপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
খুলনার দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকেরা সকালে রেলিগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন।
এ সময় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সামনের সড়ক (খুলনা-যশোর মহাসড়ক) কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। ফলে যানবাহনগুলো বিকল্প পথে বাইপাস দিয়ে চলাচল করে। এ সময় কয়েকজন শ্রমিক ভবনের বাইরে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করেন।






























































































































































































































