ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাঙ্গিবাহী পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। একপর্যায়ে বাসটি মহাসড়কের খাদে পড়ে ২৯ জন আহত হন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর মোল্লা (৪০) ও আলমগীর শেখ (৫০)। তাঁরা ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা ও বাঙ্গি ব্যবসায়ী ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আজ সকালে জানান, শাহ ফরিদপুর পরিবহনের ওই যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসছিল পিকআপ ভ্যানটি। উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়।































































































































































































































