সদরঘাটে ঈদের আগে যাত্রীদের ভিড়, বৈরী আবহাওয়া কাটিয়ে বাড়ি ফিরছেন মানুষ

সদরঘাটে ঈদের আগে যাত্রীদের ভিড়, বৈরী আবহাওয়া কাটিয়ে বাড়ি ফিরছেন মানুষ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষেরা ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে স্বস্তিতে লঞ্চযোগে বাড়িতে ফিরছেন। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত যাত্রীর চাপ কম থাকলেও বিকেলের দিকে যাত্রীদের ভিড় দেখা গেছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা নদীবন্দরের সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ রাখে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার লঞ্চ চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সদরঘাট থেকে ৫৬টি লঞ্চ ছেড়ে গেছে। একই সময়ে টার্মিনালে এসে পৌঁছেছে ৭৪টি লঞ্চ।

দুপুরে সদরঘাট টার্মিনাল এলাকায় সরেজমিনে দেখা যায়, হুলারহাট, ভান্ডারিয়া, বরগুনা, ভোলা, ইলিশা, আমতলী, চাঁদপুর, হাতিয়া, লালমোহন ও মুলাদী রুটে যাত্রীদের চাপ তুলনামূলক বেশি। অন্যদিকে অন্যান্য রুটে যাত্রীসংখ্যা কম ছিল। বৃষ্টি উপেক্ষা করে দক্ষিণাঞ্চলের মানুষ পরিবার-পরিজন ও প্রয়োজনীয় মালামাল নিয়ে টার্মিনালে আসছেন। এরপর নিজ নিজ লঞ্চে উঠে গন্তব্যের উদ্দেশে যাত্রার অপেক্ষা করছেন।

মুলাদীগামী এমভি অভিযান-৫ লঞ্চের যাত্রী সোহরাব হোসেন বলেন, ‘সকালে পরিবার নিয়ে সদরঘাটে এসেছি। আগের বছরের তুলনায় এবার টার্মিনালে ভিড় কম মনে হচ্ছে। এতে কিছুটা স্বস্তিতে লঞ্চে উঠতে পেরেছি। তবে বৃষ্টির কারণে কিছুটা কষ্ট হয়েছে। আশা করছি, নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারব।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।