চলতি মাসে কোরবানির ঈদে দেশে আসার কথা ছিল সৌদি আরবপ্রবাসী শাওন মির্জার (২৫)। মাকে ওইভাবেই কথা দিয়েছিলেন। কিন্তু সেখানে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন তিনি। তাঁর মৃত্যুতে ফরিদপুরের ভাঙ্গায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শাওন ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া মহল্লার বাসিন্দা মৃত জাহিদ মির্জা ও ঝর্ণা বেগম দম্পতির ছেলে। চার ভাই–বোনের মধ্যে তিনিই একমাত্র ভাই এবং সবার ছোট। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। আড়াই বছর আগে জীবন ও জীবিকার সন্ধানে সৌদি আরবে যান শাওন। এরপর আর দেশে আসেননি। রিয়াদে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন শাওন।
সম্প্রতি মাকে ফোন করে শাওন জানিয়েছিলেন, ভিডিও কলে কথা বলে আর মন ভরে না। এবার দেশে আসবেন, ঈদুল আজহার আগেই।


































































































































































































