তাপপ্রবাহ এখন আর শুধু অস্বস্তির কারণ নয়—এটি বিশ্বের খাদ্যব্যবস্থার জন্য সরাসরি হুমকি হয়ে উঠছে। কৃষক মাঠে কাজ করতে পারছেন না, গরমে কাহিল হয়ে পড়ছে গবাদিপশু, কমে যাচ্ছে ফসলের উৎপাদন। এভাবে চলতে থাকলে বিশ্বজুড়ে ১০০ কোটির বেশি মানুষের জীবিকা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব আবহাওয়া সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, স্থলভাগ ও সমুদ্রে তাপপ্রবাহ যত তীব্র হচ্ছে, কিছু অঞ্চলে খাদ্য সরবরাহব্যবস্থা ততই চরম সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।
পরিস্থিতি ইতিমধ্যে উদ্বেগজনক। ভারতের বড় অংশসহ গোটা দক্ষিন এশিয়া, সাব-সাহারান আফ্রিকা এবং মধ্য ও দক্ষিন আমেরিকার বিস্তীর্ণ এলাকায় বছরের প্রায় ২৫০ দিন, অর্থাৎ দুই-তৃতীয়াংশের বেশি সময় কৃষকদের পক্ষে বাইরে কাজ করা অনিরাপদ হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

































































































































































































