কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে রাতের আকাশে হঠাৎ দেখা মিলেছে এক রহস্যময় আলোর। গত মঙ্গলবার রাতে আকাশে ভাসতে থাকা অদ্ভুত আকৃতির বিশালাকার আলো দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রীতিমতো আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্য, যা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই এটিকে ভিনগ্রহের কোনো মহাকাশযান বা ইউএফও বলে দাবি করেন।
প্রিন্স জর্জ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির গবেষক মালহার কেন্দুরকার বলেন, এটি আসলে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের কারণে সৃষ্ট ‘জেলিফিশ ইফেক্ট’। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে রাত ৯টার দিকে ওই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল।
ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উজ্জ্বল এ বস্তুটি অত্যন্ত নিয়ন্ত্রিত গতিতে একদিক থেকে অন্যদিকে যাচ্ছিল।

































































































































































































