তেলের খনি থেকে তথ্যের শক্তিকয়েক দশক ধরে বৈশ্বিক জ্বালানি বাজারের ক্ষমতা নির্ধারিত হতো তেলের মজুত, উৎপাদনক্ষমতা, পাইপলাইন, জাহাজ চলাচলের রুট এবং ভূরাজনৈতিক অবস্থানের ভিত্তিতে। যারা কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, রপ্তানি করিডর এবং বিপুল পরিমাণ খনিজ জ্বালানি সম্পদ নিয়ন্ত্রণ করত, তাদেরকেই আন্তর্জাতিক জ্বালানিব্যবস্থার মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হতো।
তবে সাম্প্রতিক কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে পৃথিবী ধীরে ধীরে এমন এক নতুন যুগে প্রবেশ করছে, যেখানে তথ্য (ডেটা), অ্যালগরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জ্বালানিশক্তির মূল কাঠামোর অংশ হয়ে উঠছে।
বড় বড় জ্বালানি কোম্পানি, বিনিয়োগ ব্যাংক, সার্বভৌম সম্পদ তহবিল এবং সরকার এখন ভূরাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ, তেলের দামের পূর্বাভাস, নিরাপত্তাসংকট মূল্যায়ন এবং জ্বালানি সরবরাহ শৃঙ্খল পরিচালনা করার জন্য উন্নত অ্যালগরিদমের ওপর নির্ভর করছে।


































































































































































































