বাংলাদেশে গত বছর দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগেছে। বিশ্বজুড়ে খাদ্যসংকটে থাকা মানুষের দুই–তৃতীয়াংশই মাত্র ১০টি দেশে কেন্দ্রীভূত, সেই তালিকায় বাংলাদেশও আছে। চলতি বছরে এসব দেশে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম বলেই সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।
গতকাল শুক্রবার গ্লোবাল নেটওয়ার্ক অ্যাগেইনস্ট ফুড ক্রাইসিস প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিসে এ তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘ, খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি), ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশের ১ কোটি ৫৬ লাখ মানুষ ‘সংকটজনক পর্যায় ৩’–এ ও ৪০ লাখ মানুষ ‘জরুরি পর্যায় ৪’–এর খাদ্যনিরাপত্তাহীনতায় ছিল।

































































































































































































