সারা বছরে নারী ক্রিকেটারদের ব্যস্ততা থাকে কমই। এখন বিভিন্ন নারী ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ খুব একটা মেলে না। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানালেন, এসব সুযোগ যেন তাঁদের জন্য আসে এ জন্যও বিশ্বকাপে নজর কাড়তে চান তাঁরা।
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে তারা একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে স্কটল্যান্ডে। আজ রাতে ও আগামী পরশু সকালে দুই ধাপে দেশ ছেড়ে যাবেন মেয়েরা।
এর আগে বাংলাদেশ অধিনায়ক আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’
বড় মঞ্চে ভালো পারফর্ম করতে পারলে ক্রিকেটাররা লাভবান হবেন বলেও বিশ্বাস নিগারের, ‘ব্যক্তিগতভাবে খেলোয়াড়েরা যখন ভালো করে, তাদের জন্য বিভিন্ন সুযোগ আসে। আমাদের জন্য বড় একটা সুযোগ। তারা (ক্রিকেটাররা) খুব ইতিবাচক মানসিকতায় আছে। বিশ্বকাপে ভালো খেলতে পারলে তা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য ভালো হবে, ব্যক্তিগতভাবে খেলোয়াড়রাও লাভবান হবে।’


































































































































































































