বিবিসি মাস্টারশেফ ২০২৬—যুক্তরাজ্যের জনপ্রিয় রান্নার প্রতিযোগিতা। এবারের এ আয়োজনে বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিশা বেগম। প্রতিযোগিতায় অংশ নিয়ে এরই মধ্যে তিনি কোয়ার্টার ফাইনাল পর্বে উঠেছেন। ২৬ বছর বয়সী আনিশা পেশায় একজন ডিজিটাল (ডিজিটাল প্রযুক্তিবিষয়ক) প্রকৌশলী। তবে রান্নার প্রতি আগ্রহ অসীম। আর এ আগ্রহ থেকেই তিনি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
আনিশা লন্ডনের এনফিল্ডে স্বামী জেহানের সঙ্গে বসবাস করেন। তাঁর রান্নার ধরন বৈচিত্র্যময়। ব্রিটিশ ক্ল্যাসিক থেকে শুরু করে দক্ষিণ এশীয় ও পূর্ব এশীয় স্বাদের মিশ্রণ তাঁর রান্নায় দেখা যায়। তিনি এমন সব খাবার তৈরি করতে পছন্দ করেন, যা তাঁর দক্ষিণ এশীয় স্বাদের সঙ্গে মানানসংগত হয়।
একই সঙ্গে বিভিন্ন রেসিপি বই, কনটেন্ট নির্মাতার ভিডিও, বিশ্বের বিভিন্ন দেশের স্ট্রিট ফুড এবং তারকা রেস্তোরাঁ থেকে অনুপ্রাণিত হয়ে সেই খাবারগুলো নতুনভাবে রান্না করতে পছন্দ করেন আনিশা। তাঁর রান্নায় পারিবারিক প্রভাবও স্পষ্ট।


































































































































































































