রাশিয়ার অধিকৃত পূর্ব ইউক্রেনে ড্রোন হামলার প্রতিশোধ নিতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। গতকাল রোববার ভোরে চালানো এ হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, এই হামলায় রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেসনিক’ ব্যবহার করেছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এই সমন্বিত হামলায় রাশিয়া মোট ৬০০টি ড্রোন এবং ৯০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আকাশ, সমুদ্র ও স্থলভাগ থেকে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়।
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এর মধ্যে ৫৪৯টি ড্রোন এবং ৫৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস বা জ্যাম করতে সক্ষম হলেও বাকিগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ১৯টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলেও জানানো হয়।

































































































































































































