সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এলভিনো জাতের মহিষটি নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে বিদায় জানানো হয়েছে। গতকাল বিকেলে লালগালিচা বিছিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে ও রাজকীয় সাজে মহিষটিকে বিদায় দেওয়া হয়। খামার কর্তৃপক্ষ জানায়, এলভিনো জাতের মহিষটির চুলের ধরন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামার সূত্র আরও জানায়, মহিষটি প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। ভাইরাল হওয়ার পর প্রতিদিন শত শত মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। শুধু নারায়ণগঞ্জ বা ঢাকা নয়, বরিশাল, কুমিল্লাসহ দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা এসেছেন।
খামারের কর্মচারী কাউসার বলেন, ‘বাংলাদেশে এর আগে কোনো কোরবানির পশু এভাবে ভাইরাল হয়েছে কি না, জানি না। ডোনাল্ড ট্রাম্পকে আমরা কখনো ভুলব না। ওর প্রতি আমাদের অন্য রকম মায়া তৈরি হয়েছে।’


































































































































































































