জার্মানির বার্লিনের রাস্তায় এত মানুষের ঢল সচরাচর দেখা যায় না। আন্তসংস্কৃতি উৎসব উপলক্ষে ২৪ মে (রোববার) বার্লিনের রাজপথে নানা জাতি-সংস্কৃতির লাখো মানুষের ঢল নেমেছিল। ঝকঝকে রৌদ্রময় দিনটিতে বার্লিনে যেন বিশ্বসংস্কৃতির মহামিছিল নেমেছিল। আর এ উৎসবে বরাবরের মতো প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। নিজস্ব সংস্কৃতির রঙিন পোশাক আর নাচে-গানে তাঁরা বার্লিনের রাস্তা মাতিয়ে তোলেন। সবার নজর কাড়েন। কুড়ান বিপুল করতালি।
জার্মান ভাষায় এ উৎসবের পোশাকি নাম ‘কার্নিভ্যাল ডের কুলটুর’। এবার এ উৎসবের ৩০ বছর পূর্তি হলো। জার্মানিতে বর্ণবাদ-জাতিবৈষম্য, বিশেষ করে এখানে বসবাসরত অভিবাসীদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের অংশ হিসেবে ১৯৯৬ সালে শুরু হয়েছিল এই ‘কার্নিভ্যাল’।
শুরুতে উৎসবটি ছিল ‘প্রতীকী সাংস্কৃতিক প্রতিবাদ’। সেই ‘প্রতীকী সাংস্কৃতিক প্রতিবাদ’ এখন বিশ্বসংস্কৃতির মহামিছিলে পরিণত হয়েছে।তবে প্রতীকী সাংস্কৃতিক প্রতিবাদের আবেদন এখনো ফুরিয়ে যায়নি; বরং তা বেড়েছে। জার্মানি তথা ইউরোপে অভিবাসীবিরোধী জাতীয়তাবাদী কট্টরপন্থীদের রুখতে সাংস্কৃতিক সংগ্রামের প্রয়োজনীয়তা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

































































































































































































