গলায় রশি বেঁধে আস্ত একটি বাস টেনে বিশ্ব রেকর্ড গড়েছেন এগমন্ড মলিনা নামের এক ব্যক্তি। ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র আরুবার এই বাসিন্দা প্রায় ৯ হাজার ৮৬০ কেজি ওজনের একটি বিশাল বাস কেবল গলার সাহায্যে ২০ মিটার পথ টেনে নিয়ে যান।
গত ৯ জানুয়ারি এই অবিশ্বাস্য কীর্তি গড়ে দশমবারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখান ৪৯ বছর বয়সী এই ক্রীড়াবিদ। এর আগে ২০২৪ সালে ৮ হাজার ৬০ কেজি ওজনের যানবাহন টেনে এই রেকর্ড গড়েছিলেন ইউক্রেনের দিমিত্র হ্রুনস্কি।
এগমন্ড মলিনার ঝুলিতে এখন মোট ১০টি বিশ্ব রেকর্ড রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দাঁত দিয়ে ২০ মিটার ট্রাম টেনে নেওয়া, এক আঙুলে ১৫৯ কেজি ওজন তোলা এবং নিতম্বে বেল্টের সাহায্যে ১ হাজার ২ কেজি ওজন তোলা।

































































































































































































