চাকরির আবেদন করার পর নিয়োগকর্তারা নানা কারণে একজন চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করে দেন। কেউ কেউ আবেদনপত্র বাতিল করার কারণ জানান। অদ্ভুত সব কারণেও আবেদনপত্র বাতিল হয়, অনেক সময় কারণ খুবই দুর্বল থাকে। কিন্তু ভারতীয় এক চাকরিপ্রত্যাশীর সঙ্গে যা ঘটেছে, সেটা হয়তো অনেকের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে ভারতীয় একজন চাকরিপ্রত্যাশী তাঁর চাকরির আবেদন বাতিল হওয়ার কারণ তুলে ধরেন।
ওই চাকরিপ্রার্থী বলেন, নির্ধারিত পদের জন্য তাঁর যোগ্যতা বা দক্ষতা কম; কারণ, সেটা নয়। নিয়োগকর্তাদের তাঁর আবেদন প্রত্যাখ্যান করার কারণ, তিনি আগে যে কোম্পানিতে কাজ করছেন, সেই কর্মস্থল থেকে যে কোম্পানিতে আবেদন করেছেন, তাদের কার্যালয়ের দূরত্ব মাত্র ৬০০ মিটার।
চাকরিপ্রার্থী কোম্পানির নাম উল্লেখ করেননি। তবে তিনি এটা বলেছেন, পুরো ঘটনাটি এতটাই হাস্যকর ছিল যে তিনি বিষয়টি অন্যদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারেননি।

































































































































































































