বাংলাদেশে হরমোনজনিত স্বাস্থ্য সমস্যা নীরবে মহামারির আকার ধারণ করছে। বর্তমানে দেশের প্রায় অর্ধেক মানুষ কোনো না কোনো হরমোনজনিত সমস্যায় ভুগছেন। তবে রোগ জটিল পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত অধিকাংশ মানুষই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। বিশেষজ্ঞরা বলছেন, শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হলে প্রায় ৪০০ ধরনের রোগ হতে পারে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর পরিবাগে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসেডবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিশ্ব হরমোন দিবস উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সহযোগিতা করেছে রেনাটা পিএলসি।
কেন বাড়ছে হরমোন সমস্যাসংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, মূলত জীবনযাত্রার অনিয়ম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাবই এই সংকটের প্রধান কারণ। এ ছাড়া পরিবেশগত প্রভাব যেমন প্লাস্টিকের মাত্রাতিরিক্ত ব্যবহার, রাসায়নিক দ্রব্যের সংস্পর্শ এবং আধুনিক প্রযুক্তির বিকিরণ হরমোনের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।









