চট্টগ্রামের রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ যুবদল কর্মীর নাম মুহাম্মদ নাসির উদ্দিন। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিক উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামের প্রবাসফেরত এক বিএনপি-সমর্থককে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার ৪৩ ঘণ্টার মাথায় আবার গুলির ঘটনায় আরেকজন আহত হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ১০টার দিকে ইশানভট্টেরহাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।







