চাকরির ওয়েবসাইট বিডিজবস ডট কম-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কারিগরি চাকরি মেলা’। আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ৯টা থেকে চাকরির মেলা শুরু হয়। মেলায় কয়েকটি সেমিনারসহ তিন পর্যায়ের অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।
মেলায় অংশগ্রহণ করেছে আকিজ গ্রুপ, ম্যাটাডোর, ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটসহ ৫৮টি চাকরিদাতা প্রতিষ্ঠান ও ১৮টি কারিগরি ইনস্টিটিউট। টেকনিশিয়ান, প্যাথলজিস্ট, শেফ, বিউটিশিয়ানসহ ২৪ ক্যাটাগরির পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
কারিগরি চাকরি মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের এখানে ডিগ্রির মূল্য বেশি, দক্ষতার নয়। এখানে জেনারেল এডুকেশনে গ্র্যাজুয়েট ৮০ শতাংশ, কারিগরিতে ২০ শতাংশ। এই চিত্র বদলানো দরকার। যে বিষয়েই গ্র্যাজুয়েশন করুক না কেন, শিক্ষার্থীদের উচিত অন্তত একটি কারিগরি দক্ষতা অর্জন করা।









