বাংলাদেশ উন্নত দেশ হতে চায়। দেশটির মাথাপিছু আয় ও আয়ুষ্কাল বেড়েছে। ছোট পরিবারে একটি বা দুটি বাচ্চা। সেই একটি বা দুটি বাচ্চাই মারা যাচ্ছে হামে। এই ‘ফ্যামিলি ট্র্যাজেডি’ রাষ্ট্র উপেক্ষা করতে পারে না। এই যুগে মনুষ্যসৃষ্ট এই মহামারিতে ৫০০ শিশুর মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
চলতি বছরেই হাম নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল। কিন্তু অদৃষ্টের পরিহাস, হামের সমস্যায় আমরা হাবুডুবু খাচ্ছি। আন্তর্জাতিক এবং দেশীয় নানা তথ্য-উপাত্ত বলছে, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের অযোগ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, টিকার প্রতিষ্ঠিত ব্যবস্থাপনাকে অহেতুক জটিলতায় ফেলা, হামের ক্যাম্পেইন নির্ধারিত সময়ে করতে না পারাসহ বিভিন্ন কারণে অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হতে হলো।










