প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৫: ১৬ সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ওই অনুষ্ঠানে অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। সেই অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অভিনেত্রী পরীমনিও অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিওবার্তা শেয়ার করেন। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মিম বলেন, ‘যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর, বিভিন্ন পেজ পরিচালনা করেন, এবং ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে তাদের কাছে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমি বিশ্বাস করি, সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।’











