সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কানাবুড়ির মোড়ে ঝোপে ফুটে আছে এক নামহারা ফুল। দূর থেকে দেখে মনে হয় ঢ্যাঁড়স ফুল। কিন্তু গাছের দিকে চোখ পড়তেই ভুলটা ভাঙল। এটা ঢ্যাঁড়স নয়; ফুলটি ফুটে আছে ঝোপের লতায়। পাতাও ঢ্যাঁড়সের কাছাকাছি। কী আশ্চর্য—প্রকৃতির রূপের যেন শেষ নেই।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেল, জায়গাটি সাতক্ষীরা সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ৮ নম্বর ধুলিয়ার ইউনিয়নে পড়েছে। গ্রামের নাম দরবাস্তিয়া।
ফুলটির নাম কালো কস্তুরি বা মসুকদানা। গাছ বর্ষজীবী, রোমশ ও ঝোপজাতীয়। পাতা ৩ থেকে ৫ লতিযুক্ত। ফুল হলুদ রঙের। বৃত্তে মেরুন রঙের গোলাকার ছাপ। বীজতৈল একসময় কস্তুরি বা মৃগনাভির বিকল্প হিসেবে ব্যবহৃত হতো।






