ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসবের আনুষ্ঠানিকতা দেখতে জড়ো হয়েছেন পর্যটক ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ

ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উৎসবের আনুষ্ঠানিকতা দেখতে জড়ো হয়েছেন পর্যটক ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ

খাগড়াছড়িতে আজ সোমবার শুরু হয়েছে ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসু’। উৎসবের প্রথম দিন ভোরে জেলার নদী-ছড়ায় দেবী গঙ্গার উদ্দেশে ফুল নিবেদন করেন ত্রিপুরা নারীরা। ফুলের সঙ্গে দেবীর উদ্দেশে পানিতে ভাসানো হয় হাতে বোনা নতুন কাপড়ের টুকরা। নদী ও ছড়ার তীরে প্রদীপ জ্বালিয়ে করা হয় প্রার্থনা। চৈত্র মাসের শেষ দুই দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন—এই তিন দিনব্যাপী বৈসু উৎসব উদ্‌যাপন করা হয়। প্রথম দিনকে বলা হয় হারি বৈসু, দ্বিতীয় দিনকে বৈসুমা এবং তৃতীয় বা শেষ দিনটিকে বলা হয় বিসি কাতাল।

খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় আজ ভোরে হারি বৈসু উপলক্ষে গাছ থেকে ফুল তোলার প্রতিযোগিতা চলে। মাধবীলতা, অলকানন্দা, জবাসহ নানা ধরনের ফুল দেবী গঙ্গার উদ্দেশে নিবেদন করেন ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। পুরোনো বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরে সুখ-শান্তির প্রার্থনা করেন তাঁরা।

বৈসু উপলক্ষে আজ সকালে জেলার খাগড়াপুরছড়া এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাক রিনা-রিসাই পরে ছড়ায় ফুল নিবেদন করছেন ত্রিপুরা নারীরা। ছড়ার তীরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা যায় তাঁদের।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।