মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো—আমি আসলে কে? আমরা অনেক সময় নিজেদের পরিচয় খুঁজি চাকরি, পড়াশোনা, সৌন্দর্য, সম্পর্ক বা মানুষের প্রশংসার ভেতরে। মনে করি, একটি সফল অবস্থান বা মানুষের স্বীকৃতিই আমাদের মূল্য নির্ধারণ করে। কিন্তু এই পরিচয়গুলো স্থায়ী নয়। সময়ের সঙ্গে এগুলো বদলে যায়, কখনো হঠাৎ ভেঙে পড়ে। ফলে এসবের ওপর নিজের পরিচয় দাঁড় করালে ভেতরে অস্থিরতা ও শূন্যতা তৈরি হয়।
সত্যিকারের পরিচয় কোথায়? সলাম আমাদের শেখায়, একজন মানুষের আসল পরিচয় তার দেহ, সম্পদ বা অবস্থান নয়—তার পরিচয় হলো সে আল্লাহ–তাআলার বান্দা। কোরআনে আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য।’ (সুরা আজ-জারিয়াত, আয়াত: ৫৬)
আমরা কারো মেয়ে, কারো স্ত্রী বা কারো মা হতে পারি—কিন্তু এগুলো আমাদের মূল ‘আইডেন্টিটি’ নয়। সময়ের আবর্তে এসব পরিচয় স্মৃতির অতলে হারিয়ে যাবে। তাই নিজের দিকে ফিরে তাকানো দরকার—আমি কি এখনো আল্লাহর বান্দা হিসেবে বাঁচছি, নাকি শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য দৌড়াচ্ছি?












