নারী প্রজননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ওভারি বা ডিম্বাশয়। প্রত্যেক নারীর এক জোড়া ডিম্বাশয় থাকে, যার কাজ প্রতি মাসে ডিম্বাণু তৈরির পাশাপাশি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন হরমোন তৈরি করা। এ ডিম্বাশয়ে হতে পারে প্রাণঘাতী ক্যানসার। নারীস্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়লেও এ ক্যানসার সম্পর্কে জনগণের ধারণা এখনো সীমিত।
ডিম্বাশয়ের ক্যানসার সাধারণত অস্পষ্ট উপসর্গ দেখায়। পেট ফাঁপা, পেটে ব্যথা, অল্প খাবারেই পেট ভরে যাওয়া, ওজন কমে যাওয়া, প্রস্রাব বা পায়খানার অভ্যাসে পরিবর্তন ইত্যাদি উপসর্গকে বেশির ভাগ ক্ষেত্রেই গ্যাস্ট্রিকের সমস্যা বা হজমের গোলমাল হিসেবে তেমন গুরুত্ব দেওয়া হয় না।
ডিম্বাশয়ের ক্যানসার শেষ পর্যায়ে ধরা পড়ে যখন চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। যা জানা প্রয়োজন যে ডিম্বাশয় ক্যানসারের চিকিৎসায় উন্নত অস্ত্রোপচার, কেমোথেরাপি ও অত্যাধুনিক টার্গেটেড থেরাপি ব্যবহৃত হচ্ছে।













