জন্ডিস আমাদের দেশে খুবই পরিচিত একটি রোগ। চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, দুর্বলতার সঙ্গে বমি ভাব উপসর্গকে আমরা সাধারণত ‘জন্ডিস’ হিসেবে জানি। কিন্তু জন্ডিস নিজে কোনো রোগ নয়; এটি একটি উপসর্গ, যা শরীরে বিলিরুবিন নামক পদার্থ বেড়ে গেলে দেখা যায়। প্রশ্ন হচ্ছে, সাধারণ জন্ডিস কি কখনো লিভার ফেইলিউরের মতো জটিল ও জীবনাশঙ্কাপূর্ণ অবস্থায় রূপ নিতে পারে? উত্তর হলো, হ্যাঁ, কিছু ক্ষেত্রে পারে, তবে সব জন্ডিসই বিপজ্জনক নয়। বিষয়টি পুরোপুরি নির্ভর করে জন্ডিসের মূল কারণের ওপর।
জন্ডিস কেন হয়? জন্ডিস সাধারণত তিনটি কারণে হতে পারে: ১. হেপাটাইটিস বা লিভারের সংক্রমণ (যেমন হেপাটাইটিস এ, বি, সি, ই ভাইরাস) ২. লিভারের কোষের ক্ষতি (অ্যালকোহল, ওষুধ বা টক্সিনের কারণে) ৩. পিত্তনালির বাধা (পাথর বা টিউমারের কারণে)।
লিভার ফেইলিউর এমন একটি অবস্থা, যেখানে লিভার তার স্বাভাবিক কাজ সঠিকভাবে করতে পারে না। এটি দ্রুত চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারে।













