রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের ভোগান্তি বেড়েই চলেছে। বিশেষায়িত ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক শিশুকে এখনো সাধারণ ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে সংক্রমণঝুঁকি বাড়ার পাশাপাশি সংকটাপন্ন রোগীদের অবস্থা আরও জটিল হয়ে উঠছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অপেক্ষমাণ তালিকায় ছিল হামে আক্রান্ত ২৩ শিশু। এর আগে গত শনিবার সেখানে রোগীর সংখ্যা ছিল ৩৩। এ সংখ্যা কমার পেছনে সুস্থতা নয়, বরং মৃত্যুকেই বড় কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।













