পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলমানদের দুটি প্রধান ঈদের একটি। ঈদ মানে আনন্দ এবং আজহা অর্থ কোরবানি করা বা কোরবানির পশু জবাই। আরবি আজহা শব্দের সঙ্গে উদহিয়া শব্দের সম্পর্ক রয়েছে, যার অর্থ কোরবানির পশু। ভারতীয় উপমহাদেশে প্রচলিত বকরি ঈদ নামটি এসেছে বকর শব্দ থেকে; আবার বাকারাহ অর্থ গরু—সেখান থেকেও অনেক সময় বকরা ঈদ বলা হয়।
কোরবানি শব্দের অর্থ নৈকট্য লাভ করা, ত্যাগ ও তিতিক্ষা প্রদর্শন করা। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগের মাধ্যমে তাঁর নৈকট্য অর্জনই হলো কোরবানি। ইসলামের পরিভাষায়, জিলহজ মাসের ১০ তারিখের সকাল থেকে ১২ তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট জন্তু—গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল ও দুম্বা—জবাই করাকে কোরবানি বলা হয়।
স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক মুসলমান যদি কোরবানির এই তিন দিনের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হন (অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপা, অথবা এর সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসায়িক সম্পদ থাকে) তাহলে তার জন্য কোরবানি করা ওয়াজিব।












