ইসলাম একটি চিরন্তন ও বৈশ্বিক আদর্শ, যা দেশ-কালের সীমানা ছাড়িয়ে বাস্তবতাকে অনুধাবনের এক পূর্ণাঙ্গ রূপরেখা এবং মানবীয় আচরণের দিশারি প্রদান করে। এই আদর্শের মূলে রয়েছে আল্লাহর একত্ববাদ (তাওহিদ) ও তাঁর ইচ্ছার কাছে আত্মসমর্পণ (ইসলাম)।
ইতিহাসের প্রতিটি যুগে সব নবী ও রাসুল এই মৌলিক নীতিগুলোকেই ধারণ করেছেন। প্রথম মানব হজরত আদম (আ.) থেকে শুরু করে হজরত নুহ, মুসা, দাউদ, ইসা আলাইহিমুস সালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত প্রত্যেকেই এমন এক বার্তা নিয়ে এসেছিলেন, যা ইসলামের এই সুসংহত আদর্শের সঙ্গে সংগতিপূর্ণ।
আদর্শগত এই ভিত্তি অপরিবর্তিত থাকলেও প্রতিটি নবীর কাছে অবতীর্ণ ‘শরিয়ত’ বা জীবনপদ্ধতি ছিল তৎকালীন সমাজ ও প্রয়োজনের নিরিখে ভিন্ন ভিন্ন।












