পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দেন মুসল্লিরা। তবে শর্ত হলো, কোরবানির পশুকে অবশ্যই সুস্থ–সবল হতে হবে। অসুস্থ পশুর কোরবানি হয় না। তাই কোরবানির জন্য পশু কেনার আগে সেটি সুস্থ কি না, তা দেখে নিতে হয়। এটা নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকেই। অভিজ্ঞতা না থাকায় অনেকে বুঝতে পারেন না। এ বিষয়ে পশুর হাটের ব্যবসায়ীদের পরামর্শ, সাধারণত কোনো পশু অসুস্থ থাকলে সেটি শুয়ে থাকে বা দাঁড়াতে চায় না। তাই কোরবানির পশু কেনার আগে এটা খেয়াল রাখা দরকার।
রাজধানীর গাবতলীর পশুর হাটে গত শনিবার কথা হয় তিনজন পশু ব্যবসায়ীর সঙ্গে। তাঁরা হলেন হেলাল প্রামাণিক, রফিক মোল্লা ও রিপন প্রামাণিক। তিনজনেরই বাড়ি কুষ্টিয়ায়। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গরু বিক্রি করতে ঢাকায় এসেছেন তাঁরা। দীর্ঘদিন ধরে এ পেশায় যুক্ত তিনজনই।
হেলাল প্রামাণিকের বয়স ৫৩ বছর। কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা তিনি। ৩৫ বছর ধরে পশু ব্যবসায় যুক্ত। গাবতলীর হাটে এবার তিনি ১৮টি গরু বিক্রির জন্য এনেছেন।












