মিম কালচার আজকের ডিজিটাল দুনিয়ার এক অনিবার্য বাস্তবতা। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তিত হয়, আবির্ভাব ঘটে নতুন নতুন বিষয়ের। বর্তমান সংস্কৃতিতেও 'মিম কালচার' এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে মজাদার ও চটকদার 'মিম' এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
মিম শব্দটা এসেছে গ্রিক শব্দ 'মিমেমা' থেকে, যার অর্থ এমন কিছু যাকে অনুকরণ করা হয়। ১৯৭৬ সালে বিবর্তনীয় বিজ্ঞানী রিচার্ড ডকিন্স তাঁর 'দ্য সেলফিশ জিন' বইয়ে প্রথম এই শব্দের উল্লেখ করেন।
মিম হলো একটি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী মাধ্যম। এটি হতে পারে একটি স্থিরচিত্র, কয়েক শব্দের কৌতুক কিংবা কয়েক সেকেন্ডের ভিডিও। মিম মুহূর্তের আনন্দ ও রসিকতার পাশাপাশি সমাজের সমালোচনার ভাষা হিসেবেও ব্যবহৃত হয়। এখানে হাসি, বিদ্রূপ এবং প্রতিবাদ মিশে থাকে একসূত্রে।












