গোয়ার আরব সাগরের শান্ত নীল জলরাশি আর দিগন্তজোড়া নারকেলগাছের সারি বাইরে যতই ছুটির আমেজ ছড়িয়ে দিক না কেন, বাংলাদেশ নারী ফুটবল দলের শিবিরে এখন শুধুই রণপ্রস্তুতি। সাফ নারী চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। তবে ‘নতুন যুগ, নতুন টুর্নামেন্ট’—এই মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলার অতীত নিয়ে পড়ে থাকতে রাজি নন মোটেও।
আগামীকাল এই পর্তুগিজ সংস্কৃতির চাদরে জড়ানো সৈকত-শহরে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করছে বাংলাদেশ। কাগজে-কলমে এই ম্যাচে জয় নিয়ে সংশয় না থাকলেও ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে গোয়ার বিখ্যাত ‘ফেনি’ পানীয়র মতোই এক ঝাঁঝালো সমীকরণ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই মালদ্বীপকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে ভাসিয়ে শুভসূচনা করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ফলে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে হলে বাংলাদেশের ওপরও গোলের পাহাড় গড়ার একটা অলিখিত চাপ তৈরি হয়েছে।



















