লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের জমকালো আসরে গতকাল দেখা গেল তাঁকে। কবজিতে ব্যান্ডেজ, চোখে যেন অপেক্ষা। ডান হাতের এই কবজি থেকে বেরোনো শটে কত প্রতিপক্ষকে ঘায়েল করেছেন কার্লোস আলকারাজ। সেই কবজিই তাঁকে ফেলে দিয়েছে বিশাল অনিশ্চয়তায়। চোটের যা অবস্থা, তাতে ফ্রেঞ্চ ওপেনে গত দুবারের চ্যাম্পিয়নের খেলা এখন বিশাল এক প্রশ্নবোধক চিহ্নের সামনে।
কবজির এই চোটেই গত সপ্তাহে বার্সেলোনা ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন। আশা করেছিলেন মাদ্রিদ ওপেন দিয়ে ফিরবেন। কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাওয়া মাদ্রিদ ওপেন থেকেও নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বিশ্বের এই ২ নম্বর তারকা।
চোটের ধরন নিয়ে আলকারাজ নিজেই এখন বেশ চিন্তিত। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভিইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘চোটটা আমাদের ধারণার চেয়ে বেশি গুরুতর।’


















