ডেনিশ ফুটবল তারকা ক্যাসপার স্মাইকেল অবসর নেবেন

ডেনিশ ফুটবল তারকা ক্যাসপার স্মাইকেল অবসর নেবেন

কাঁধের গুরুতর চোটের কারণে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লেস্টার সিটির সাবেক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। আজ বুধবার ৩৯ বছর বয়সী এই ডেনিশ তারকা তাঁর বুট তুলে রাখার সিদ্ধান্ত জানান।

কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেলের ছেলে ক্যাসপার গত ফেব্রুয়ারিতে সেল্টিকের হয়ে স্টুটগার্টের বিপক্ষে ইউরোপা লীগের ম্যাচ খেলার সময় কাঁধে চোট পান। ক্যারিয়ার বাঁচাতে পরের মাসেই তাঁর কাঁধে অস্ত্রোপচার করা হয়েছিল, তবে শেষ রক্ষা হয়নি।

ডেনিশ টেলিভিশন চ্যানেল টিভি২-কে স্মাইকেল বলেন, ‘আগামী জুনে সেল্টিকের সঙ্গে আমার চুক্তির মেয়াদ শেষ হলে পেশাদার ফুটবলার হিসেবে আমি ক্যারিয়ারের ইতি টানব। বেশ কয়েকজন সার্জন ও কাঁধের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁরা আমাকে পরিষ্কার জানিয়েছেন, আমি আর কখনো শীর্ষ স্তরের ফুটবলে ফিরতে পারব না।’

হতাশা নিয়ে স্মাইকেল আরও বলেন, ‘এটি মোটেও আনন্দের কিছু নয়। আমি যেভাবে ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলাম, এটি একদমই তেমন নয়। তবে অন্যভাবে ভাবলে, সবকিছুরই একটা শেষ থাকে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।