এশিয়ান গেমসের টিকিট পাওয়ার আনন্দ নিয়ে গত শুক্রবার রাতে জাকার্তা থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী হকি দল। কিন্তু আনন্দে ডুবে থাকার ফুরসত কই! জাকার্তা জয় করা জাতীয় দলের আট সদস্য দেশে ফেরার এক দিন পরই অনূর্ধ্ব-১৮ দলের সঙ্গে স্টিক হাতে অনুশীলনে নেমে পড়েছেন বিকেএসপির সবুজ টার্ফে।
এবার লক্ষ্য জাপানের মাটিতে জুনিয়র এশিয়া কাপে ভালো কিছু করা। ২৯ মে থেকে ৬ জুন প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৮ দল। দুই দলই জাপানের বিমানে চড়বে ২৭ মে। এর আগে আজ থেকে বিকেএসপিতে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প।


















