বিপিএলের দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে চার ব্যক্তিকে সাময়িক নিষিদ্ধ করেছে বিসিবি। এর মধ্যে একজনই ক্রিকেটার, সেই ক্রিকেটারটিই অমিত মজুমদার। অমিতের বিরুদ্ধে ‘ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য যেকোনো বিষয়ের ওপর বাজি ধরা, বাজি গ্রহণ করা, লে-বেটিং করা অথবা অন্য কোনোভাবে বাজিতে লিপ্ত হওয়া’ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অমিত মজুমদার বিপিএলের জন্য নিষিদ্ধ হওয়ার পর তাঁর প্রথম ম্যাচ ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। সেই ম্যাচে তিনি ২৪ বলে আউট হয়েছেন ১০ রানে। এখন তিনি সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ায় আপাতত আর খেলতে পারবেন না।
ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে বিপিএলের পাশাপাশি আইপিএলেও বেটিংয়ের প্রমাণ পেয়েছেন। এখন দেখার বিষয়, অমিতের সাময়িক নিষেধাজ্ঞা ‘সাময়িক’ই থাকে নাকি লম্বা সময়ের হয়ে পড়ে!



















