আর্সেনাল কোচ রেফারিকে ধন্যবাদ জানান, বলেন ভিএআর ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত

আর্সেনাল কোচ রেফারিকে ধন্যবাদ জানান, বলেন ভিএআর ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত

রেফারিকে তাঁর কোনো একটি সিদ্ধান্তের জন্য ধন্যবাদ দিচ্ছেন ম্যাচ জেতা দলের কোচ—এমনটা সচরাচর দেখা যায় না। রেফারির সিদ্ধান্ত পক্ষে এলেও তিনি তাঁর পেশাদারত্ব বজায় রেখেছেন বলেই মন্তব্য করে থাকেন জয়ী কোচ। তবে ব্যতিক্রম দেখা গেল রোববার রাতের আর্সেনাল-ওয়েস্ট হাম ম্যাচের পর। শেষ মুহূর্তে ভিএআরে ওয়েস্ট হামের গোল বাতিলের ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। খেলা শেষে রেফারি ক্রিস কাভানাগকে ধন্যবাদ জানিয়েছেন দলটির কোচ মিকেল আরতেতা।

আর্সেনাল কোচের এই ধন্যবাদজ্ঞাপন যেনতেন কোনো সিদ্ধান্তের কারণে নয়। ফুটবল–বিশ্লেষকদের মতে ‘ভিএআর ইতিহাসের সবচেয়ে বড়’ সিদ্ধান্তই ছিল ওটা। এমন এক সিদ্ধান্ত, যার একদিকে ছিল একটি দলের শিরোপা জয়ে হোঁচট খাওয়ার ঝুঁকি, আরেক প্রান্তে একটি দলের প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যাওয়ার শঙ্কা।

আর্সেনাল কোচ মিকেল আরতেতা বলেন, ‘আজ আমি বুঝতে পেরেছি, রেফারিদের কাজ কতটা কঠিন ও গুরুত্বপূর্ণ। কারণ, আপনি এমন একটি মুহূর্ত নিয়ে কথা বলছেন, যা দুটি বড় মাপের ক্লাবের ইতিহাস ও গতিপথ নির্ধারণ করে দিতে পারে। দুটি দলই তাদের লক্ষ্য অর্জনে জীবন দিয়ে লড়াই করছে। এমন জায়গায় চাপ থাকে পাহাড়সমান।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।