চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানো থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আর্সেনাল। এই ড্র ঘরের মাঠ এমিরেটসে দ্বিতীয় লেগের ম্যাচে কিছুটা এগিয়ে রাখবে মিকেল আরতেতার দলকে। এই ম্যাচে আতলেতিকোকে হারাতে পারলে ২০০৫–০৬ মৌসুমের পর আবারও ফাইনালের ওঠার স্বাদ পাবে আর্সেনাল। পাশাপাশি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেদের অপরাজেয় যাত্রাকে আরও দীর্ঘায়িত করতে পারবে তারা।
আতলেতিকোর বিপক্ষে প্রথম লেগে ড্র করার মধ্য দিয়ে আর্সেনাল নিজেদের অপরাজেয় যাত্রাকে ১৩ ম্যাচে নিয়ে গেছে। এর আগে ২০০৫–০৬ মৌসুমে ফাইনালে ওঠার পথেও ১৩ ম্যাচে অপরাজিত ছিল গানাররা।
পরের ম্যাচ দিয়ে নিজেদের সেই রেকর্ড ভাঙার সুযোগ আছে আর্সেনালের। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার তালিকায় নিজেদের অবস্থান আরও ওপরে নিয়ে আসতে পারবে তারা।



















