বাফুফেকে দেওয়া হচ্ছে তিনটি স্টেডিয়াম, চট্টগ্রাম ও সিলেটে ক্রিকেট হবে না

বাফুফেকে দেওয়া হচ্ছে তিনটি স্টেডিয়াম, চট্টগ্রাম ও সিলেটে ক্রিকেট হবে না

গত সেপ্টেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ৮টি জেলা স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাফুফের অনুকূলে বরাদ্দ দিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এনএসসি এখন বাফুফেকে তিনটি স্টেডিয়াম দিচ্ছে—কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম, চট্টগ্রাম ও সিলেট জেলা স্টেডিয়াম; সেটাও ২২ বছরের জন্য।

এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান আজ প্রথম আলোকে বলেন, ‘কমলাপুর, চট্টগ্রাম আর সিলেট স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ২২ বছরের জন্য দেওয়া হবে। চুক্তির খসড়া বাফুফেকে পাঠানো হয়েছে। বাফুফেও তাদের মতামত পাঠিয়েছে। তিনটি স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার আনুষ্ঠানিকতা দ্রুতই সম্পন্ন করা হবে।’

বাফুফেকে দেওয়া আগের বরাদ্দের তালিকায় ছিল নীলফামারী, গাজীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার ও সিলেট জেলা স্টেডিয়াম। অবশ্য গত বছর জানুয়ারিতে প্রথমবার তৎকালীন চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম (বর্তমানে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম) বাফুফেকে ২৫ বছরের জন্য বরাদ্দের ঘোষণা দেয় এনএসসি। কিন্তু স্থানীয় ক্রীড়াবিদদের প্রতিবাদের মুখে চট্টগ্রাম স্টেডিয়াম দখলে নিতে পারেনি বাফুফে। এখন আবার নতুন করে স্টেডিয়ামটি বরাদ্দ দেওয়া হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।