বাংলাদেশ ফুটবল লিগের শেষ দিনে বিদেশি খেলোয়াড়দের আধিপত্যে শেষ হয়েছে। গতকাল শেষ হওয়া লিগে কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ সর্বোচ্চ ১৯ গোল করেছেন। এর পরে দ্বিতীয় স্থানে ফর্টিসের গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর বাবু এবং তৃতীয় আবাহনীর মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে ১৩ গোল এবং ১১ গোল নিয়ে ছিলেন।
গোলদাতার তালিকার চারে ৭টি করে গোল করে চারজন বিদেশি আছেন যৌথভাবে। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৬ গোল কিংসের ফয়সাল আহমেদ ফাহিম ও আবাহনীর শেখ মোরছালিনের। আল আমিন ও রাকিব হোসেনেরও তিনটি করে গোল।
বিদেশিদের আধিপত্যের মধ্য দিয়েই দীর্ঘ ৮ মাস খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার পর অবশেষে কাল শেষ হয়েছে ১০ দলের বাংলাদেশ ফুটবল লিগ। এক রাউন্ড হাতে রেখে আগেই শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। গতকাল শেষ দিনে আরামবাগকে ৪–০ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী।



















