সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন পূরণে আবাসিক ক্যাম্প করতে আগামীকাল ব্যাংকক যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখান থেকে ২১ মে ভারতের গোয়া যাবে মেয়েরা। ২৫ মে থেকে ভারতের গোয়ায় শুরু হবে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে মালদ্বীপের বিপক্ষে এবং ৩১ মে প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশ অধিনায়ক আফঈদা যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি মনে করিয়ে দেন, নেপালের মাটিতে নেপালকে হারিয়ে বাংলাদেশ গত দুইবার সাফ জিতেছে। তাই ভারতকে নিয়ে তাঁরা ভীত নন, বরং আত্মবিশ্বাস রাখতে চান।
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও কোনো বাড়তি মানসিক চাপ নিচ্ছেন না মেয়েরা। আফঈদা বলেন, 'সাফে আমরা মাঠে নামব জেতার জন্যই। আগে বিদেশে ক্যাম্প করার সুযোগ না থাকলেও এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই সুযোগ করে দিয়েছে আমাদের। আমরা থাইল্যান্ডে ১৫ দিন ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। সুযোগটা কাজে লাগিয়েই সাফে আগের দুবারের মতো এবারও চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক করতে চাই আমরা।'



















