সর্বশেষ তিনটি দ্বিপক্ষীয় সিরিজে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বস্তি বলতে গত জানুয়ারিতে টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু ইংল্যান্ডে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সেই স্বস্তিটা যেন একটু কমেই গেছে। শ্রীলঙ্কা সিরিজের পর থেকে নিজেদের আয়নায় নিজেরাই তা দেখতে পাচ্ছেন নারী দলের ক্রিকেটাররা।
দলের সমস্যাগুলো অবশ্য সবারই জানা। ব্যাটিংয়ে ফ্ল্যাট উইকেটের সুবিধা নিতে না পারা, রান তোলায় ধীরগতি, পেসার সংকট—সমস্যা মূলত এসবই। তবে এর মধ্যেও গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের অন্তত তিনটিতে জয়ের আশা নিয়ে আজ রাত ও পরশু সকালে দুইভাগে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানার দল। এই সিরিজ ও বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচকে ইংল্যান্ডের কন্ডিশনে অভ্যস্ত হওয়ার সুযোগ হিসেবে দেখছেন তাঁরা।



















